
পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে আনুমানিক ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা মাছ উপজেলার আটটি এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তার সহায়তায় উপজেলার শরৎনগর মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আনুমানিক ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. নুসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা।
অভিযান শেষে জব্দ করা জাটকা ইলিশ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে স্থানীয় আটটি এতিমখানা ও মাদরাসার মধ্যে বিতরণ করা হয়।
এ বিষয়ে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আলী আজম বলেন, জাটকা সংরক্ষণে এ ধরনের অভিযান ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত আট মাস চলবে।