
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে যানবাহন দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মীরের টেক এলাকায় একটি খড়বোঝাই ট্রাকে এবং সকাল সোয়া ৯টার দিকে কাঁচপুর ব্রিজ এলাকায় তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে খড়বোঝাই ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬ নম্বরের ট্রাকটি ভোর সাড়ে ৩টার দিকে মীরের টেক বাজার জামে মসজিদের সামনে পৌঁছায়। খড় আনলোডের অপেক্ষায় ট্রাকটি রাস্তার পাশে দাঁড় করিয়ে চালক ও হেলপার গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েন।
পরে ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী চালককে জানান, কিছুক্ষণ আগে মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে গেছে।
এ সময় চালক ট্রাকটি রক্ষার চেষ্টা করে প্রায় ১৫০ গজ সামনে নিয়ে যান। পরে রাস্তার পাশের পানিতে খড় ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হন।
অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের কাঁচপুর এলাকায় তিশা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে বাসে থাকা যাত্রীরা নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কোনো যাত্রীর ক্ষতি হয়নি।
তিনি জানান, তারা ঘটনাস্থলে রয়েছেন এবং পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরানো হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।