
‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশল, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে আইডিইবি রংপুর জেলা শাখার আয়োজনে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে নগরীর টাউন হল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন হল চত্বরে এসে শেষ হয়। পরে টাউন হল অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।
আইডিইবি রংপুর জেলা নির্বাহী কমিটির আহ্বায়ক প্রকৌশলী আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সেলিমুর রহমান, ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী রিয়াজুল হক নান্নু এবং সদস্যসচিব প্রকৌশলী রবিউল ইসলাম।
আইডিইবি রংপুর জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক (অতিরিক্ত দায়িত্ব) মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আইডিইবির সদস্য, আমন্ত্রিত অতিথি, সুধীজন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।