
জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় দায়ের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণা হবে আগামী ৫ ফেব্রুয়ারি।
রোববার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে, গত ২০ জানুয়ারি এ মামলার যুক্তিতর্কের শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখে। রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, এবং আসামিপক্ষের যুক্তি উপস্থাপন করেন স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন, মিরাজুল আলম ও আবুল হাসান।
মামলায় মোট আসামি ১৬ জন, যার মধ্যে আটজন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন— ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল। অন্যদিকে, সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ বাকি আসামিরা পলাতক রয়েছেন।
গত বছরের ২১ আগস্ট এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। ওই সময়ে উপস্থিত আট আসামির সাতজন নিজেদের নির্দোষ দাবি করেন, তবে এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করেন এবং রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন।
একই বছরের ২ জুলাই ট্রাইব্যুনাল প্রসিকিউশনের জমা দেওয়া ফরমাল চার্জ গ্রহণ করেন। মামলার আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে যুক্ত করা হয় ৩১৩ পৃষ্ঠার অন্যান্য তথ্যসূত্র, ৬২ সাক্ষী, ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণাদি ও দুটি পেনড্রাইভ।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। এরপর তাদের লাশ পুলিশ ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নৃশংস এ ঘটনার সময় একজন জীবিত ছিলেন, কিন্তু তাকে বাঁচতে দেওয়া হয়নি—পেট্রোল ঢেলে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা হয়। এছাড়া এর আগের দিন একজন শহীদ হন। এই ঘটনায় একই বছরের ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়।