ঢাকা সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রমজান মাসে মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

রমজান মাসে মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

পুরো রমজান মাসে সারাদেশে সরকারি-বেসরকারি নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই স্থগিতাদেশ দেন। এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। পরে তিনি গণমাধ্যমকে আদেশ স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গতকাল রোববার রমজান ঘিরে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে সরকারি-বেসরকারি সব নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে ওইদিন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

রমজানে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইলিয়াস আলী মন্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গত ২০ জানুয়ারি রিট দায়ের করেন। এর আগে গত ৫ জানুয়ারি রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন আইনজীবী ইলিয়াস আলী মন্ডল। সেই নোটিশের জবাব না পাওয়ায় রিট দায়ের করা হয়েছিল।

নোটিশে বলা হয়েছিল, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে— এটিই আইন, প্রথা ও নীতি এবং ওইভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে। সংবিধানের ৩১ অনুচ্ছেদে বলা হয়েছে, আইন ছাড়া কিছুই করা যাবে না, অনুচ্ছেদ ১৫২(১) অনুযায়ী আইন অর্থ বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন যেকোনো প্রথা ও রীতি। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের তর্কিত সিদ্ধান্ত অসাংবিধানিক। এটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য ‘এক প্রকার বৈষম্য’ বলেও নোটিশে বলা হয়।

নোটিশে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিশু-কিশোরদের স্কুল করে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্ট হবে। এতে রোজা রাখার অভ্যাস থেকে দূরে থাকার শঙ্কা দেখা দেবে, যা ধর্মীয় আচার চর্চার অন্তরায়।

এ ছাড়া রমজান মাসে বিদ্যালয় চালু থাকলে শহরাঞ্চলে তীব্র যানজট সৃষ্টি হয়ে জনভোগান্তি বাড়তে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

রমজান মাস,মাধ্যমিক স্কুল,হাইস্কুল,হাইকোর্ট,চেম্বার আদালত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত