ঢাকা মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মানবতাবিরোধী অপরাধ

কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার বিচার শুরু আজ

কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার বিচার শুরু আজ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার আজ থেকে আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে। প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হবে, একই সঙ্গে প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণও হতে পারে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আইন অনুযায়ী, আজ প্রসিকিউশন তাদের ওপেনিং স্টেটমেন্ট উপস্থাপন করবে। এরপর সাক্ষ্যগ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারের দিকে এগোবে মামলাটি। এ মামলায় অভিযুক্তদের কেউ গ্রেপ্তার না হওয়ায় তাদের অনুপস্থিতিতেই বিচার চলবে।

পলাতক অন্য আসামিদের মধ্যে রয়েছেন– আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, জুলাই-আগস্টে আন্দোলন দমনে অভিযুক্তরা সমন্বিতভাবে নির্দেশনা, প্ররোচনা ও উসকানিমূলক বক্তব্য দেন। নেতাকর্মীদের রাজপথে নামিয়ে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান, সহিংসতার পরিকল্পনা, সশস্ত্র হামলা, কঠোর দমন-পীড়ন এবং গণমাধ্যম নিয়ন্ত্রণে ভূমিকার মাধ্যমে দেশজুড়ে হত্যা, হত্যাচেষ্টা ও ব্যাপক সহিংসতা সংঘটিত হয়—যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে শাস্তিযোগ্য।

মানবতাবিরোধী অপরাধ,জুলাই গণঅভ্যুত্থান,আওয়ামী লীগ,ওবায়দুল কাদের,সাদ্দাম হোসেন,ছাত্রলীগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত