
সন্ত্রাসবিরোধী আইনের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায়ও জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর।
বুধবার (১১ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে আনিস আলমগীরের আইনজীবী তাসলিমা জাহান পপি গণমাধ্যমকে জানান, বর্তমানে তার বিরুদ্ধে থাকা দুই মামলাতেই জামিন মিলেছে। ফলে আনিস আলমগীরের কারামুক্তির পথে আর কোনো প্রতিবন্ধকতা নেই।
উল্লেখ্য, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান গত ২৫ জানুয়ারি আদালতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২৮ জানুয়ারি আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
অন্যদিকে, গত ১৪ ডিসেম্বর ‘জুলাই রেভুলেশনারি অ্যালায়েন্স’-এর সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ১৫ ডিসেম্বর আদালত আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। পরে গত ৫ মার্চ সেই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান আনিস আলমগীর।