ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

মানব পাচার মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তাকে কড়া নিরাপত্তার মধ্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তার রিমান্ড আবেদন করে।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, একসময় যাকে নির্যাতন করে হত্যার চেষ্টা করেছিলেন এই কর্মকর্তা, বর্তমানে তিনি দেশের প্রধানমন্ত্রী।

অন্যদিকে ডিবির পক্ষ থেকে বলা হয়, মানব পাচারের একটি সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার তদন্ত ও জড়িত অন্যান্যদের শনাক্ত করতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

ডিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি পরিচালিত এক অভিযানে রাজধানীর বারিধারা ডিওএইচএসের ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবিপ্রধান শফিকুল ইসলাম। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, মানব পাচারের অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও হত্যাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। পাশাপাশি ফেনীতে দায়ের করা একটি বৈষম্যবিরোধী মামলায় তার বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ উদ্দিন চৌধুরী। এর আগে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেও পরে দল পরিবর্তন করে জাতীয় পার্টির হয়ে নির্বাচন করেন।

সাবেক এই সেনা কর্মকর্তা এক-এগারোর সময় আলোচনায় আসেন এবং পরে গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তার মেয়াদ একাধিকবার বাড়ানো হয়।

সেনাবাহিনী থেকে অবসরের পর তিনি জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ব্যবসায় জড়িত ছিলেন।

৫ দিনের রিমান্ডে,মাসুদ উদ্দিন চৌধুরী,সাবেক সেনা কর্মকর্তা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত