ঢাকা রোববার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

মানবতাবিরোধী অপরাধ মামলা

সাবেক দুই লেফটেন্যান্ট জেনারেলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সাবেক দুই লেফটেন্যান্ট জেনারেলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আগামী ৭ এপ্রিল হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২৯ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি মামুন খালেদকে গুমের মামলায় ও মাসুদ উদ্দিন চৌধুরীকে ফেনীতে সংঘটিত জুলাই হত্যাযজ্ঞের মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করেন। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য সময় চান।

শুনানি শেষে তাদের হাজিরের জন্য আগামী ৭ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে এবং গুমের মামলায় শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখাতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন সকালে আবেদন দাখিল করে। এর প্রেক্ষিতেই এ আদেশ দেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, ওয়ান ইলেভেন সরকারের সময় আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গত ২৪ মার্চ পল্টন থানার একটি মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর পর গত বৃহস্পতিবার (২৬ মার্চ) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল,গ্রেপ্তার,শেখ মামুন খালেদ,মাসুদ উদ্দিন চৌধুরী,মানবতাবিরোধী অপরাধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত