ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বার কাউন্সিলের সদস‍্য নির্বাচনের ভোটগ্রহণ ১৯ মে

বার কাউন্সিলের সদস‍্য নির্বাচনের ভোটগ্রহণ ১৯ মে

দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল-এর সদস্য নির্বাচন-২০২৬ এর ভোটগ্রহণ আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে।

শনিবার (৪ এপ্রিল) বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত বার কাউন্সিল সভায় এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সভায় বার কাউন্সিলের বিভিন্ন কমিটির চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ.এস.এম. বখতিয়ার আনোয়ার, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট আবদুল আল মামুন, রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, রোল ও পাবলিকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাহফুজ আহসানসহ অন্যান্য সদস্যরা অংশ নেন। সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

নির্ধারিত তারিখে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর নির্বাচন অনুষ্ঠিত না করে এডহক কমিটি গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

বাংলাদেশ বার কাউন্সিল,নির্বাচন,ভোটগ্রহণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত