
দেশে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রেখে অনলাইনে ক্লাস চালুর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।
রোববার (১৯ এপ্রিল) রিটকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন নির্ধারণ করেন।
এর আগে দেশে হামজনিত কারণে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। একই সঙ্গে, হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়। গত ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়। তবে অবকাশকালীন সময়ে হাইকোর্টের দুটি বেঞ্চ রিটটি শুনতে চাননি।
রিটে বলা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার প্রাপ্যতা বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবা সুবিধা এবং জরুরি সাড়া প্রদানে ঘাটতি—এসবই সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।
এদিকে, হামের টিকা না কেনার ঘটনায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি তদন্ত চেয়ে আবেদনও করা হয়েছে।