
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে রিটে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বহাল রাখার আর্জি জানানো হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাদ্দাম হোসেনসহ সাতজন আইনজীবী জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করবেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
এর আগে গত ৯ এপ্রিল জাতীয় সংসদ অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠাসংক্রান্ত তিনটি অধ্যাদেশ বাতিল করে। বিরোধী দলের আপত্তি নাকচ করে বিলগুলো পাস হয়। এর ফলে বিচার বিভাগ আগের অবস্থায় ফিরে যাচ্ছে; বিচারক নিয়োগে পৃথক আইন থাকছে না এবং বিলুপ্ত হচ্ছে স্বতন্ত্র সচিবালয়।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট সচিবালয় বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য নির্বাহী বিভাগ থেকে পৃথক একটি সচিবালয়। বিচার বিভাগের তত্ত্বাবধান, নিম্ন আদালতের বিচারকদের নিয়োগসহ বিভিন্ন প্রশাসনিক কাজ এই সচিবালয়ের মাধ্যমে পরিচালিত হওয়ার কথা ছিল। ২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪-এ তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এর উদ্বোধন করেন।