ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ দাবির প্রমাণ মিলেছে

সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ দাবির প্রমাণ মিলেছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। জুলাই হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে সাবেক এমপি ফজলে করিমের স্ত্রীর কাছে এই টাকা চাওয়া হয়েছিল। এ কথা নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

মঙ্গলবার (২১ এপ্রিল) নিজ কার্যালয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামি ফজলে করিম চৌধুরীকে খালাস করিয়ে দেওয়ার আশ্বাসে তার স্ত্রীর কাছে এক কোটি টাকা ঘুষ চান। তার সেই ঘুষ চাওয়ার অডিওটি মিডিয়ার মাধ্যমে ফাঁস হওয়ার পর আমরা একটা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করে তদন্ত শুরু করি।

ইতোমধ্যে সেই অডিও রেকর্ডের সত্যতা পেয়েছি। এখানে তাদের দুজনেরই কথা আছে।

তিনি বলেন, কথোপকথনের সত্যতা পেলেও এর বাইরে তাদের কোনো লেনদেন হয়েছে কি না, সে বিষয়টি এখনো খতিয়ে দেখছি।

চিফ প্রসিকিউটর আরো বলেন, ‘এর আগে বিষয়টা যখন আমাদের সামনে আসে, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং এর পরই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। পদত্যাগ করলেও এ বিষয়টি আমরা তদন্ত করে যাচ্ছি। খুব দ্রুতই আমরা তদন্ত রিপোর্টটি প্রকাশ করব এবং আসল সত্যটা তুলে ধরব।’

উল্লেখ্য, গত ৯ মার্চ রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ফজলে করিমের স্ত্রী এবং প্রসিকিউটর সাইমুমের অডিওটি প্রকাশিত হয়। অডিওর কথোপকথনে কিস্তিতে টাকা পরিশোধের আলোচনার পাশাপাশি, মামলা থেকে অব্যাহতির নিশ্চয়তা হিসেবে বিএনপির এক সংসদ সদস্য এবং এক প্রতিমন্ত্রীকে দিয়ে তদবির করানোর পরামর্শ দেওয়া হয়।

আবা/এসআর/২৬

প্রসিকিউটর,ঘুষ দাবি,প্রমাণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত