ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

তনু হত্যা মামলায় সাবেক ওয়ারেন্ট অফিসার ৩ দিনের রিমান্ডে

তনু হত্যা মামলায় সাবেক ওয়ারেন্ট অফিসার ৩ দিনের রিমান্ডে

দীর্ঘ প্রায় এক দশক পর চাঞ্চল্যকর সোহাগী জাহান তনু হত্যা মামলায় সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বুধবার (২২ এপ্রিল) কুমিল্লার আদালতের বিচারক তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন।

তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়। পরে আদালত তা মঞ্জুর করেন।

অভিযুক্ত হাফিজুর রহমানকে তার বাসা থেকে গ্রেপ্তার করেন তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম। এরপর তাকে কুমিল্লা সদর আদালতে হাজির করা হয়।

আদালত সূত্র জানায়, মামলাটিতে এ পর্যন্ত প্রায় ৮০টি তারিখ পার হয়েছে এবং চারটি সংস্থার সাতজন তদন্ত কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সেনানিবাসের পাওয়ার হাউসের কাছে ঝোপের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

ঘটনার পরদিন তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। পরবর্তী সময়ে দুই দফা ময়নাতদন্তে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানানো হয়।

২০১৭ সালের মে মাসে তনুর পোশাক থেকে সংগৃহীত নমুনা পরীক্ষায় তিনজন পুরুষের উপস্থিতির তথ্য পাওয়া যায় বলে জানায় সংশ্লিষ্ট সংস্থা। একই বছরের অক্টোবরে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়।

তবে এত বছর পেরিয়ে গেলেও মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় শুরু থেকেই হতাশা প্রকাশ করে আসছে তনুর পরিবার। তাদের অভিযোগ, একাধিকবার তদন্ত সংস্থা ও কর্মকর্তা পরিবর্তন হলেও মামলার সুরাহা হয়নি।

৩ দিনের রিমান্ডে,সাবেক ওয়ারেন্ট অফিসার,তনু হত্যা মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত