অনলাইন সংস্করণ
১৬:৩০, ০৭ মে, ২০২৬
আদালতে প্রভাব বিস্তারের অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিজ দায়িত্বপ্রাপ্ত আদালত ছাড়া অন্য কোনো আদালতে প্রবেশ না করার নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (৬ মে) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন আদালতে দায়িত্ব পালনকারী কিছু ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিজেদের আদালত ছেড়ে অন্য আদালতে গিয়ে বিভিন্ন মামলায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন— এমন তথ্য অ্যাটর্নি জেনারেলের নজরে এসেছে।
এ পরিস্থিতিতে আদালত চলাকালে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ আদালত ছাড়া অন্য কোনো আদালতে না যাওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।