অনলাইন সংস্করণ
১৪:৫৪, ১৮ মে, ২০২৬
আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারির অভিযোগে তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জন আসামির বিভিন্ন নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন।
তদন্ত কর্মকর্তারা পুঁজিবাজারে আলোচিত কারসাজি মামলার সঙ্গে সম্পর্কিত তদন্ত প্রতিবেদন এবং প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন।
গত বছরের জুনে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব আল হাসান ও তার সহযোগীরা মোট ২৫৬ কোটি টাকা হাতিয়ে নেন। এর মধ্যে সাকিব আল হাসানের বিরুদ্ধে সরাসরি প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, আলোচিত কারসাজিকারী আবুল খায়ের হিরুর মাধ্যমে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সোনালী পেপারস লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করেন এই ক্রিকেটার।
পরে তিনি বাজারে শেয়ারের দাম কৃত্রিমভাবে প্রভাবিত করার সঙ্গে যুক্ত হয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রতারণার মাধ্যমে প্রলুব্ধ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া সাকিব আল হাসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও তদন্তের আওতায় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।