
দেশের ব্যাংকিং খাতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি কঠোরতা আরোপ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা বা প্রফেশনাল এক্সাম পাশের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চতর পদে যোগ দেওয়া কিংবা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে পদোন্নতি পেতে হলে এখন থেকে এই পরীক্ষা পাশ করা জরুরি।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা যদি অন্য কোনো ব্যাংকে উচ্চতর পদে যোগ দিতে চান তবে তাকে অবশ্যই ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মূলত এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে গিয়ে পদোন্নতি লাভ বা উচ্চতর পদ নিশ্চিত করার ক্ষেত্রে এই শর্তটি এখন থেকে বাধ্যতামূলক। মূলত ব্যাংকিং খাতে পেশাদারিত্ব নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
নতুন নির্দেশনায় আরও বলা হয়, যেসব কর্মকর্তা সিনিয়র অফিসার বা সমমানের পদে যোগ দেওয়ার পর কিংবা পদোন্নতির মাধ্যমে সেই পদে থেকে সফলভাবে ১৫ বছর অতিক্রম করেছেন তাদের ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক নয়।
আবা/এসআর/২৬