ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বৈদ্যুতিক গাড়ি কেনায় ঋণ সুবিধা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

বৈদ্যুতিক গাড়ি কেনায় ঋণ সুবিধা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ি কিনতে ব্যাংক ঋণ সুবিধা ৬০ লাখ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৮০ লাখ টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহন কেনায় গ্রাহকরা এই সুবিধা পাবেন।

মঙ্গলবার (৫ মে) এক নির্দেশনায় এই সুযোগের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ঋণ সীমা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ অনুপাত সীমা বাড়িয়ে ৮০:২০ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ মোট বিনিয়োগের ২০ শতাংশ ডাউনপেমেন্ট হিসেবে দিতে হবে ঋণ গ্রহীতাকে। যা আগে ছিল ৬০:৪০ শতাংশ।

ঋণ সুবিধা বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে, ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানি খরচ বেড়ে যাওয়ায় তেল ও গ্যাসের বিকল্প হিসেবে বৈদ্যুতিক বাস ব্যবহার একদিকে জ্বালনি ঝুঁকি কমাবে, অন্যদিকে এটি পরিবেশবান্ধব। ফলে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে উৎসাহিত করতে এই উদ্যোগ। জ্বালানি তেল ও গ্যাস চালিত যানবাহনের বর্তমান বাজার দর বিবেচনায় এটি সাশ্রয়ী হবে বলেও মত কেন্দ্রীয় ব্যাংকের।

সম্প্রতি জ্বালানি সাশ্রয়ী এসব যানবাহন কিনতে উৎসাহ দিতে শুল্ক ছাড় দেয়া হয়েছে আমদানি পর্যায়ে। গত ৩রা মে শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎচালিত বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতির পর অন্যান্য কাজে ব্যবহারে বিদ্যুৎচালিত বাস ও ট্রাক আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দেয় সরকার। মন্ত্রিসভার বৈঠকে এসব বাহনের ওপর ১৫ শতাংশ ভ্যাট বহাল রেখে অন্যান্য শুল্ক অব্যাহতির সিদ্ধান্ত হয়।

এর আগে গত ২৭ এপ্রিল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন (এসআরও) জারি করে এনবিআর। এতে বলা হয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত ইলেক্ট্রিক বাস আমদানিতে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক, আগাম কর (এটি) এবং অগ্রিম আয়করসহ সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দেয়া হয়েছে।

আবা/এসআর/২৬

বৈদ্যুতিক গাড়ি,কেন্দ্রীয় ব্যাংক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত