ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

প্রবাসী আয়ে সুখবর, ১৯ দিনেই এলো ২৪৮ কোটি ডলার

প্রবাসী আয়ে সুখবর, ১৯ দিনেই এলো ২৪৮ কোটি ডলার

কোরবানির ঈদকে সামনে রেখে দেশে প্রবাসী আয় প্রবাহে বড় উল্লম্ফন দেখা গেছে। চলতি মে মাসের প্রথম ১৯ দিনেই দেশে এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। সে হিসাবে প্রতিদিন গড়ে এসেছে ১৩ কোটি ৭ লাখ ডলার।

বুধবার (২০ মে) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৯ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৮১ কোটি ৬০ লাখ ডলার। আগের বছরের তুলনায় যা ৩৮ দশমিক ৫০ শতাংশ বেশি।

ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির ঈদ উপলক্ষে প্রবাসীরা দেশে থাকা পরিবারের সদস্যদের কাছে বেশি অর্থ পাঠাচ্ছেন। ফলে বেড়েছে বৈদেশিক আয়ের প্রবাহ।

এর আগে গত এপ্রিল মাসে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স। আর মার্চ মাসে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

গত ফেব্রুয়ারি মাসে দেশে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার। এছাড়া ডিসেম্বর মাসে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে আসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। আর আগস্ট ও জুলাই মাসে আসে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

২৪৮ কোটি ডলার,১৯ দিন,প্রবাসী আয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত