
ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের জেরে সার্বিক বাজারে চাপ এবং চলতি বছর যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়তে পারে; এমন আশঙ্কার মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন দেখা গেছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের নজর এখন এ সপ্তাহে প্রকাশিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ মার্কিন মুদ্রাস্ফীতির তথ্যের দিকে। খবর: রয়টার্সের
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৯ জুন) দিনের শুরুতে ১ শতাংশের বেশি কমে যাওয়ার পর স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৯৮ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।
একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩২৩ দশমিক ৯০ ডলারে নেমে এসেছে।
আরজেও ফিউচারসের সিনিয়র মার্কেট স্ট্র্যাটেজিস্ট বব হ্যাবারকর্ন বলেন, ব্যবসায়ীরা বর্তমানে বাজার পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বিগ্ন। সার্বিকভাবে বাজারে ঝুঁকি নেয়ার প্রবণতা কমে গেছে এবং এই ঝুঁকি-বিমুখ মনোভাবই স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করছে। ফেডারেল রিজার্ভের কাছ থেকে সুস্পষ্ট কোনো বার্তা না পাওয়া পর্যন্ত স্বর্ণ ও রুপার বাজার চাপের মধ্যেই থাকতে পারে।
গত সপ্তাহে প্রত্যাশার চেয়ে শক্তিশালী মার্কিন কর্মসংস্থান তথ্য প্রকাশের পর এখন বাজারের সব নজর এ সপ্তাহের গুরুত্বপূর্ণ মুদ্রাস্ফীতি প্রতিবেদনের দিকে। এর মধ্যে বুধবার প্রকাশিত হবে মে মাসের মার্কিন ভোক্তা মূল্যসূচক (সিপিআই) এবং বৃহস্পতিবার প্রকাশিত হবে উৎপাদক মূল্যসূচক (পিপিআই)।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজারে এখন ডিসেম্বরে ফেডের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আবা/এসআর/২৬