অনলাইন সংস্করণ
১২:০৫, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে কোম্পানিটির পরিচালনা পর্ষদ থেকে বাদ দেওয়া হয়েছে। তবে তার ভাই ও বর্তমান চেয়ারম্যান সোহেল এফ রহমান নতুন করে গঠিত বোর্ডে বহাল রয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেক্সিমকো ফার্মার আবেদন অনুমোদন করে নয় সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠনের অনুমতি দেয়।
বিএসইসি জানিয়েছে, নতুন বোর্ডে তিনজন স্পন্সর পরিচালক হিসেবে সোহেল এফ রহমান, ওসমান কায়সার চৌধুরী ও ইকবাল আহমেদ বহাল থাকবেন। তবে নতুন বোর্ডে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে কারা দায়িত্ব পালন করবেন, তা জানানো হয়নি। একই সঙ্গে চারজন নতুন স্বতন্ত্র পরিচালকের নামও প্রকাশ করা হয়নি। তাদের মধ্যে একজন নারী থাকবেন।
এর আগে সালমান এফ রহমান পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন জানিয়ে বেক্সিমকো ফার্মা বিএসইসির কাছে চিঠি দেয়। সেই চিঠির অনুমোদনের পর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ড পুনর্গঠন করা হয়।
নতুন বোর্ডে তিনজন স্পন্সর পরিচালকের পাশাপাশি চারজন স্বতন্ত্র পরিচালক যুক্ত হয়েছেন। শেয়ারহোল্ডার হিসেবে আইএফআইসি ব্যাংকের একজন প্রতিনিধি এবং পদাধিকারবলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকও বোর্ডে যুক্ত হয়েছেন। বেক্সিমকো ফার্মার ইতিহাসে এই প্রথম কোনো ব্যবস্থাপনা পরিচালক পরিচালনা পর্ষদের সদস্য হলেন।
কোম্পানি-সংশ্লিষ্টদের মতে, দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বেক্সিমকো ফার্মা যে প্রতিকূলতার মুখোমুখি হয়েছে, তা বিবেচনায় সালমান এফ রহমান সরে দাঁড়াতে সম্মত হয়েছেন। তার উপস্থিতির কারণে ব্যবসা ও শেয়ারহোল্ডারদের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কা এড়াতেই তিনি পদত্যাগে সম্মত হয়েছেন বলে তারা মনে করেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিন সরকারের পতন হলে সালমান এফ রহমান গ্রেফতার হন এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস দেশের শেয়ারবাজারের পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটেও (এআইএম) তালিকাভুক্ত। কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বেক্সিমকো ফার্মা ২২২ কোটি টাকা মুনাফা করেছে। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটির মুনাফা ছিল ৬৯৪ কোটি টাকা।