ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

আজ শুরু একাদশ শ্রেণির দ্বিতীয় ধাপে ভর্তি আবেদন

আজ শুরু একাদশ শ্রেণির দ্বিতীয় ধাপে ভর্তি আবেদন

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন গ্রহণ আজ রোববার (২৭ সেপ্টেম্বর) শুরু হয়েছে।

শিক্ষার্থীরা আগামীকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বরের স্মারক অনুযায়ী এ আবেদন গ্রহণ করা হচ্ছে। আগামী ১ অক্টোবর রাত ৮টায় দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন শিক্ষার্থী ছাড়াও প্রথম ধাপে আবেদন না করা কিংবা পছন্দ অনুযায়ী কোনো কলেজ না পাওয়া শিক্ষার্থীরাও এতে অংশ নিতে পারবে। এছাড়া প্রথম ধাপে মনোনীত হয়েও কোনো কারণে নিশ্চায়ন করতে ব্যর্থ হওয়া, ভর্তি হতে না পারা এবং ভুল কোটা নির্বাচনের কারণে ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীরা পুনরায় আবেদনের সুযোগ পাচ্ছে।

আবেদনকারীদের সমন্বিত ভর্তি বিষয়ক ওয়েবসাইটে নির্ধারিত নির্দেশনা মেনে আবেদন সম্পন্ন করতে হবে। সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের পছন্দক্রম দেওয়া যাবে।

প্রথম ধাপে আবেদন করেও সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের নতুন করে আবেদন ফি (২২০ টাকা) দিতে হবে না। তারা ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে পুনরায় কলেজ পছন্দক্রম নির্ধারণ বা সংশোধন করতে পারবে। তবে নতুন আবেদনকারীদের প্রচলিত নিয়মেই ফি পরিশোধ করতে হবে।

পরবর্তী সময়সূচি:

ফলাফল প্রকাশ: ১ অক্টোবর (রাত ৮টা)

নিশ্চায়ন মোট সময়: ১ থেকে ৩ অক্টোবর (রাত ৮টা পর্যন্ত)

দ্বিতীয় মাইগ্রেশনের ফল: ৪ অক্টোবর (রাত ৮টা)

চূড়ান্ত ভর্তি কার্যক্রম: ৫ থেকে ৭ অক্টোবর

সমন্বয় কমিটি জানিয়েছে, ১ থেকে ৩ অক্টোবরের মধ্যে নিশ্চায়ন ফি পরিশোধ না করলে ওই প্রার্থীর আবেদন ও নির্বাচন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। এছাড়া শিক্ষার্থীদের কোটার তথ্য যথাযথভাবে যাচাই করে নির্ভুল আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দ্বিতীয় ধাপ,ভর্তি আবেদন,একাদশ শ্রেণি,আজ শুরু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত