
এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। এ পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২ ডিসেম্বর।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা কর্মপরিকল্পনায় এ তথ্য জানানো হয়েছে।
উক্ত সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩১ ডিসেম্বর। তবে প্রশ্নপত্র প্রণয়নের কাজ শেষ হওয়ার ওপর নির্ভর করছে পরীক্ষার আয়োজন।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, ডিসেম্বরে অনুষ্ঠেয় এই পরীক্ষায় এক থেকে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হতে পারে। তবে ফল পুনর্নিরীক্ষণের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কর্মপরিকল্পনা অনুযায়ী, ১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ চলবে। এরপর ২ ডিসেম্বর থেকে পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৩১ ডিসেম্বর।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা নতুন করে ফরম পূরণ করে পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগামী তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখসহ একটি গাইডলাইন প্রকাশ করা হবে। এরপর পুনরায় পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে। ওই গাইডলাইনে ফরম পূরণের সময়সূচি ও পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকবে।
এর আগে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী এক মাসের মধ্যে নতুন করে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
আবা/এসআর/২৬