ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

রাতে বুয়েটের আবাসিক হলে ককটেল বিস্ফোরণ

রাতে বুয়েটের আবাসিক হলে ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি কক্ষের জানালার কাচ ভেঙে বিছানায় ছড়িয়ে পড়ে। তবে ঘটনার সময় ওই কক্ষে না থাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন এক শিক্ষার্থী।

সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ৪২ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন মোহাম্মদ আদিলুল ইসলাম আকিব নামের এক শিক্ষার্থী।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘সম্ভবত মৃত্যুর হাত থেকে বাঁচলাম। বুয়েটের আহসানউল্লাহ হলে রাত ১১টা ৪২ মিনিটে আমার জানালার পাশেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। রুম নম্বর ১৩৭। জানালার কাচ ভেঙে ককটেলের গুঁড়া আমার বিছানায় এসে পড়ে।’

আকিব জানান, ঘটনার সময় তিনি পাশের ১৩৪ নম্বর কক্ষে বন্ধু আদিবের সঙ্গে ছিলেন। এ কারণে অল্পের জন্য রক্ষা পান তিনি। তবে তার কক্ষে থাকা অন্য দুই শিক্ষার্থী বিকট শব্দ, আগুনের ফুলকি ও ভাঙা কাচের টুকরা দেখে আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন।

তিনি আরও লেখেন, ‘একটু আগেও এই বেডে আমি বসে ছিলাম। আল্লাহ বাঁচালো।’

ওই শিক্ষার্থীর দাবি, হলে মোট তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে বলেও জানান তিনি।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ তুলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন অনেকে।

বুয়েট,আবাসিক হল,ককটেল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত