ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সুপারস্টার বিতর্কে মুখ খুললেন শাকিল খান

সুপারস্টার বিতর্কে মুখ খুললেন শাকিল খান

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান সম্প্রতি এক অনুষ্ঠানে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা ও মেগাস্টার শাকিব খানকে ঘিরে চলমান নানা আলোচনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তার বক্তব্যে উঠে এসেছে ঢালিউডের সোনালি অতীত, বর্তমান সংকট এবং দীর্ঘদিন ধরে টিকে থাকার লড়াইয়ে শাকিব খানের সংগ্রাম ও পরিশ্রমের গল্প।

শাকিল খান বলেন, ‘শাকিব খান আমাদের দেশেরই সন্তান। আজ আমি আছি, কাল থাকব না—এটাই প্রকৃতির নিয়ম। আমাদের কিংবদন্তি রাজ্জাক সাহেব, ফারুক ভাই চলে গেছেন, কিন্তু ইন্ডাস্ট্রি থেমে থাকেনি। তারা সবাই বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র ছিলেন।’

বর্তমান সময়ে চলচ্চিত্রের পরিধি সংকুচিত হয়ে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রি হয়তো এখন ছোট হয়ে গেছে, কিন্তু আমরা কখনোই এমনটা চাইনি। একটি ভালো চলচ্চিত্রের মাধ্যমে সারা বাংলার মানুষকে একসূত্রে বাঁধাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। দুঃখজনকভাবে, অনেক সময় আমরাই নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে এই পরিধি ছোট করে ফেলি।’

শাকিল খান আরও বলেন, ‘আমি আগেও বলেছি, দুই-একটা পুরস্কার পেলেই কেউ সুপারস্টার হয়ে যায় না। কিন্তু সেই বক্তব্যকে বিকৃত করে শাকিব খানের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি কখনোই শাকিবকে নিয়ে এমন কিছু বলিনি। বরং আমি সবসময় বিশ্বাস করি, যোগ্য মানুষকে যোগ্য সম্মান দেওয়া উচিত।’

মেগাস্টার শাকিব খানের প্রশংসা করে তিনি বলেন, ‘শাকিব খান বর্তমানে যে প্ল্যাটফর্মে পৌঁছেছে, তার জন্য আমি তাকে সাধুবাদ জানাই। একটা ছেলে এত কষ্ট করে আজ এই অবস্থানে এসেছে। তার পরিশ্রমের মূল্যায়ন আমাদের করতেই হবে। আমি তার ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত সবকিছু দেখেছি। নিজের মেধা আর অক্লান্ত পরিশ্রম দিয়েই সে এই জায়গাটা তৈরি করেছে।’

শাকিল খানের মতে, ব্যক্তিগত মতভেদ বা ভুল বোঝাবুঝির ঊর্ধ্বে উঠে শিল্পের স্বার্থে একসঙ্গে কাজ করাই এখন সময়ের দাবি। ঢালিউডকে আবারও আগের জৌলুসে ফিরিয়ে আনতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ এবং প্রকৃত প্রতিভার যথাযথ সম্মান।

শাকিল খান,সুপারস্টার,শাকিব খান,ঢালিউড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত