ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

প্রযোজকের বিরুদ্ধে অভিনেত্রীকে হেনস্তার অভিযোগ

প্রযোজকের বিরুদ্ধে অভিনেত্রীকে হেনস্তার অভিযোগ

অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুর ঘটনায় যখন টলিউড অঙ্গন উত্তপ্ত, ঠিক সেই সময়ই নতুন করে আলোচনায় এসেছে আরেকটি বিতর্ক। এবার বাংলা টেলিভিশন জগতের প্রভাবশালী প্রযোজক ও ‘টেন্ট সিনেমা’র কর্ণধার সুশান্ত দাসের বিরুদ্ধে যৌন হেনস্তা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন অভিনেত্রী সুকন্যা দত্ত গুহ।

অভিনেত্রী শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই বিষয়টি উত্থাপন করেননি, তিনি ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশনের কাছেও অভিযোগ জানিয়েছেন।

সুকন্যার দাবি অনুযায়ী, কয়েক বছর আগের একটি ঘটনার সূত্র ধরে এই অভিযোগ সামনে এসেছে। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত আট বছর ধরে তাকে এবং তার পরিবারকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে।

ঘটনার শুরু জনপ্রিয় ধারাবাহিক ‘দীপ জ্বেলে যাই’-এর শুটিং সেটে বলে জানান তিনি। তার ভাষায়, প্রযোজক সুশান্ত দাস তাকে কুপ্রস্তাব দেন এবং জানান, রাজি না হলে তার দৃশ্য বাদ দেওয়া হবে। তিনি রাজি না হওয়ায় পরবর্তীতে তার গুরুত্বপূর্ণ দৃশ্য কেটে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

অভিনেত্রীর আরও অভিযোগ, তার বাবাকে কাজের সুযোগ দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল। মফস্বল থেকে আসা এবং ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তার কারণে এতদিন তিনি চুপ ছিলেন। তবে স্বামীর সাহস ও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে এখন মুখ খুলেছেন বলে জানান তিনি।

অন্যদিকে, অভিযোগ সম্পর্কে বিস্ময় প্রকাশ করেছেন প্রযোজক সুশান্ত দাস। তিনি বলেন, ২০১৯ সালে ওই অভিনেত্রী তার একটি ধারাবাহিকে কাজ করেছিলেন। এত বছর পর হঠাৎ এমন অভিযোগ ওঠায় তিনি হতবাক।

হেনস্তার অভিযোগ,অভিনেত্রী,প্রযোজকের বিরুদ্ধে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত