অনলাইন সংস্করণ
১৫:১৩, ২৪ এপ্রিল, ২০২৬
সম্প্রতি একটি অনুষ্ঠানে ভিডিও ধারণের ধরন নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। ওই অনুষ্ঠানে অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী অবন্তী অনুরোধ করেন, তাকে যেন উপর দিক থেকে ভিডিও করা না হয়। তিনি জানান, এমনভাবে ভিডিও করা হলে প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া হবে।
তার এই অনুরোধের পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
অনেকেই মন্তব্য করেন, উপর দিক থেকে ভিডিও করে অস্বস্তিকরভাবে উপস্থাপন করা হয় বলেই তিনি এমন অনুরোধ করেছেন। এতে করে তার পাশে দাঁড়িয়ে সমর্থন জানান অনেক ভক্ত-অনুরাগী।
এই ঘটনায় চিত্রনায়িকা পরীমণিও অবন্তীর পাশে দাঁড়িয়ে একটি ভিডিও বার্তা দেন। এবার বিষয়টি নিয়ে নিজের মতামত জানিয়েছেন আরেক চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।
মিম বলেন, যারা প্রকৃতভাবে পেশাদার সাংবাদিকতার সঙ্গে যুক্ত, তারা কখনোই এমন আচরণ করেন না। তার মতে, কিছু মানুষ বিভিন্ন পেজ চালানো বা কনটেন্ট তৈরির উদ্দেশ্যে এমন কাজ করে থাকেন, যেখানে ভিউ পাওয়া প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়।
তিনি আরও বলেন, দীর্ঘ অভিজ্ঞতায় তিনি কখনো পেশাদার সাংবাদিকদের এমন আচরণ করতে দেখেননি। তবে অনুষ্ঠানের বাইরে থেকে আসা কিছু মানুষ নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে প্রবেশ করে এবং সেখান থেকেই বিভ্রান্তি ও সমস্যা তৈরি হয়।
মিম জানান, নিয়মিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে শিল্পীদের পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের সম্পর্ক রয়েছে।
তিনি বলেন, যেভাবে সাংবাদিকরা দায়িত্ব নিয়ে দর্শকের জন্য কাজ করেন, ঠিক সেভাবেই শিল্পীরাও কাজ করেন। তাই এই পারস্পরিক সম্মান ও আস্থা বজায় রাখা জরুরি।