ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

নেপালে নিরাপদে আছেন গায়ক তাসরিফ খান

নেপালে নিরাপদে আছেন গায়ক তাসরিফ খান

নেপালে আকস্মিক বন্যার মাঝে আটকেপাড়া জনপ্রিয় ব্যান্ড 'কুঁড়েঘর'-এর ভোকাল তাসরিফ খান নিরাপদ রয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন।

সম্প্রতি এক পোস্টে তাসরিফ জানান, তারা বর্তমানে নেপালেই রয়েছেন এবং নিরাপদ আছেন। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া কামনা করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তাসরিফ লেখেন, 'আমরা নেপালেই আছি এবং আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত নিরাপদ আছি। নেপালের উত্তরাঞ্চলের রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় বহু পর্যটক নিখোঁজ এবং হতাহতের ঘটনা ঘটেছে।'

নেপালের দুর্যোগপূর্ণ পরিস্থিতির খবর ছড়িয়ে পড়ার পর থেকে অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও ভক্ত যোগাযোগ করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। গায়ক বলেন, 'দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত সকল মানুষের জন্য মন থেকে দোয়া করছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন। বিপদগ্রস্ত মানুষদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনুন।'

সবশেষে নিজের ও ব্যান্ড দলের সদস্যদের জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, 'সবাই আমাদের জন্য দোয়া করবেন।'

অন্য এক পোস্টে তাসরিফ লিখেছেন, 'এখানকার স্থানীয়দের ভাষ্যমতে, মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে। আল্লাহ, তুমি রহম করো।'

নেপাল ও চীনের তিব্বতে প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৮০০ জন বিদেশি। হিমালয়ের একটি নদীতে কাদা ও পাথরের বিশাল স্তূপ ধসে পড়ে ভয়াবহ আকস্মিক বন্যা সৃষ্টি হলে বুধবার দুর্গম অঞ্চলটির বিভিন্ন শহর ও উপত্যকা প্লাবিত হয়।

পুলিশ ও পর্যটন কর্মকর্তারা জানিয়েছেন, নেপালে নিখোঁজ ৮২৬ জনের মধ্যে প্রায় ৫০০ জন বিদেশি। দুই ডজনের বেশি দেশের নাগরিকদের মধ্যে ভারতের ১৭৭ জন, যুক্তরাষ্ট্রের ৬৩ জন, অস্ট্রেলিয়ার ৩৪ জন, যুক্তরাজ্যের ৩৩ জন এবং কানাডার ২৫ জন নিখোঁজ রয়েছেন।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, তিব্বতের গিয়রং কাউন্টিতে নিখোঁজ রয়েছেন ৫৫৮ জন। তাদের মধ্যে ২৬০ জন বিদেশি। সেখানে মৃতের সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে।

তাসরিফ খান,নিরাপদে আছে,নেপাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত