অনলাইন সংস্করণ
১৮:৩৪, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
দেড় বছরের বেশি সময় পর ওটিটি দিয়ে পর্দায় ফিরছেন পরীমণি। নতুন ওয়েব ফিকশন ‘সেপারেশন’ দিয়ে আবারও গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় কাজ শুরু করেছেন চিত্রনায়িকা পরীমণি। রাজধানীর ৩০০ ফিট এলাকায় ইতোমধ্যে শুরু হয়েছে ফিকশনটির শুটিং। এতে পরীর সঙ্গে জুটি বেঁধেছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে।
রোববার (১৩ সেপ্টেম্বর) শুটিংয়ের একটি ছবি প্রকাশ করে নতুন কাজের খবর জানান পরীমণি। ক্যাপশনে ‘ 'বিসমিল্লাহ' লিখে 'সেপারেশন' ও পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নামও উল্লেখ করেন অভিনেত্রী।
পরীমনির সঙ্গে গিয়াসউদ্দিন সেলিমের এটি তৃতীয় কাজ। এর আগে পরিচালকের 'স্বপজাল' ও 'গুণিন' সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে 'সেপারেশন' পরীমণির চরিত্রটি কেমন, কিংবা গল্পের বাঁক কোন দিকে— এসব বিষয়ে এখনও নির্মাতাদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বর্ষণ ও পরীর জুটি নিয়ে দর্শকদের মাধ্য আগ্রহ বাড়ছে।
'সেপারেশন' মুক্তি পাবে আইসক্রিন প্ল্যাটফর্মে। মুক্তির নির্দিষ্ট তারিখ এখনও নিশ্চিত করা হয়নি।
অভিনেত্রী সবশেষ দেখা যায় গত বছরের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত কলকাতার 'ফেলুবক্সী'-এ। এই চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার, শতাফ ফিগার। পরিচালনা করেছেন দেবরাজ সিনহা। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে পরী ও সাইমন সাদিক অভিনীত 'ডোডোর গল্প'। এর কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।