অনলাইন সংস্করণ
১৪:৪১, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
গত চার দশকের অন্যতম প্রভাবশালী কণ্ঠশিল্পী, আমেরিকান জ্যাজ গায়িকা ও গীতিকার ক্যাসান্দ্রা উইলসন আর নেই। মিসিসিপির জ্যাকসনে নিজ শহরে ৭০ বছর বয়সে মারা গেছেন তিনি। আনাদোলু থেকে জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতি তার মৃত্যুর খবর জানানো হয়। পরিবার, ঘনিষ্ঠ বন্ধু এবং দীর্ঘদিনের ব্যবস্থাপক রবার্ট টরের উপস্থিতিতে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উইলসন।
গায়িকার ব্যবস্থাপক রবার্ট টর জানান, আমরা অনেক কষ্টের সঙ্গে জানাচ্ছি বর্ষীয়ান গায়িকা ক্যাসান্দ্রা উইলসন আর আমাদের মাঝে নেই। এই বিবৃতিতে তার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। ক্যাসান্দ্রা উইলসনের কন্ঠ বারবার মানুষের মন ছুঁয়ে গেছে। তিনি জ্যাজ, ব্লুজ ও লোকসংগীতের মধ্যকার সীমানা মুছে ফেলেছিলেন এবং একই সাথে তার গানে পপ, কান্ট্রি ও আরঅ্যান্ডবির উপাদান মুগ্ধ করেছে।
২০০১ সালে টাইম ম্যাগাজিন তাকে যুক্তরাষ্ট্রের সেরা গায়িকা বলে। তার হৃদয়স্পর্শী ও আবেদনময়ী কন্ঠ শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছে সবসময়। তার জ্যাজ গানগুলোও পেয়েছে শ্রোতাদের ভালোবাসা। জ্যাকসনের মেয়র জন হর্ন উইলসনকে শহরের এক "অসাধারণ সন্তান" এবং এক অনন্য সংগীত-কণ্ঠস্বর হিসেবে বর্ণনা করেছেন।
২০০১ সালে টাইম ম্যাগাজিন ক্যাসান্দ্রা উইলসনকে যুক্তরাষ্ট্রের সেরা গায়িকা বলে। ছবি: সংগৃহীত
জনপ্রিয় সংগীতশিল্পী জন বাতিস্তাউইলসন সম্পর্কে বলেন, তার কণ্ঠে দক্ষিণাঞ্চলের সুর শোনা যেত। তিনি মনে করেন, উইলসনের স্বতন্ত্র কণ্ঠস্বর ও গায়কির ধরন, পাশাপাশি লোকসংগীত, আরঅ্যান্ডবি ও ডায়াসপোরিক সংগীতকে পরীক্ষামূলক ও জনপ্রিয় ধারার সঙ্গে মিশিয়ে দেয়ার দক্ষতা এসবই তার নিজের সংগীতজীবনে বড় প্রভাব ফেলেছে।
১৯৫৫ সালে মিসিসিপির জ্যাকসনে ক্যাসান্দ্রা ফোকস নামে জন্মগ্রহণ করেন উইলসন। মাত্র ছয় বছর বয়সে তিনি পিয়ানো বাজানো শুরু করেন এবং ১২ বছর বয়সে গিটার শেখেন। ১৯৮০-এর দশকের শুরুর দিকে নিউইয়র্ক সিটিতে যাওয়ার পর স্যাক্সোফোনবাদক স্টিভ কোলম্যানের সঙ্গে তার পরিচয় হয়। পরে তিনি এম-বেস কালেক্টিভ-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হন।
১৯৮৮ সালে প্রকাশিত তার অ্যালবাম ‘ব্লু স্কাইস’ ব্যাপক প্রশংসা অর্জন করে। ১৯৯৩ সালের ‘ব্লু লাইট টিল ডাউন’ অ্যালবামের মাধ্যমে বড় ধরনের সাফল্য পান। তার ‘নিউমুন ডটার’ অ্যালবাম ১৯৯৭ সালে বেস্ট জ্যাজ ভোকাল অ্যালবাম বিভাগে গ্র্যামি অ্যাওয়ার্ড জেতে। এরপর ‘লাভারলি’ অ্যালবামের জন্য ২০০৯ সালে একই বিভাগে তিনি দ্বিতীয়বার গ্র্যামি পুরস্কার অর্জন করেন।
এছাড়াও ২০২২ সালে ক্যাসান্দ্রা উইলসনকে ‘ন্যাশনাল এনডাউমেন্ট ফর দ্য আর্টস জ্যাজ মাস্টার’ ঘোষণা করা হয়। আর এই উপাধি যুক্তরাষ্ট্রে জ্যাজ সঙ্গীতশিল্পীদের জন্য সর্বোচ্চ সম্মাননাগুলোর একটি। তার চলে যাওয়ায় যুক্তরাষ্ট্রের সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।