অনলাইন সংস্করণ
১২:৪৪, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফিলিস্তিন ইস্যুতে প্রকাশ্যে কথা বলতে কখনো ভয় পাননি বলে জানিয়েছেন হলিউড অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। বরং এ বিষয়ে হলিউডের অনেক তারকা দীর্ঘ সময় নীরব থাকায় বিস্ময় প্রকাশ করেছেন ‘অ্যাভেঞ্জার্স’ তারকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অবস্থান নিয়ে কথা বলেন ফ্লোরেন্স পিউ। তিনি জানান, ফিলিস্তিনের পক্ষে কথা বলার কারণে গত কয়েক বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার কয়েক লাখ অনুসারী কমে গেছে। তবে এ নিয়ে তার কোনো আফসোস নেই।
অভিনেত্রীর ভাষ্য, মানুষের কথা বলা এবং সহানুভূতি প্রকাশ করতে এতটা সময় লাগল কেন, তা তিনি বুঝতে পারেন না। ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার বিভিন্ন উদ্যোগের তথ্যও নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আসছেন তিনি।গত বছর ‘টুগেদার ফর প্যালেস্টাইন’ নামে একটি তহবিল সংগ্রহের আয়োজনে হঠাৎ উপস্থিত হয়ে বক্তব্যও দেন পিউ। ওই আয়োজন থেকে মানবিক সহায়তার জন্য ২০ লাখ ডলারের বেশি অর্থ সংগ্রহ হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাক্ষাৎকারে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। শিশুদের মৃত্যু ও মায়েদের দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি জানান, একদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্বাভাবিক জীবনের ছবি প্রকাশ করা, অন্যদিকে মানুষের কষ্টের খবর দেখা তাকে ভাবিয়ে তোলে।
ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলের নির্যাতন নিয়ে প্রকাশ্যে কথা বলার বিষয়ে নিজের দলের পক্ষ থেকে কখনো বাধা বা নিরুৎসাহিত করার পরামর্শ পাননি বলেও জানান পিউ।এমনকি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র শুটিংয়ের সঙ্গে সময়ের সংঘাত থাকা সত্ত্বেও ‘টুগেদার ফর প্যালেস্টাইন’ আয়োজনে অংশ নিতে যারা তাকে সহযোগিতা করেছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।