অনলাইন সংস্করণ
১১:৪৬, ০১ নভেম্বর, ২০২৬
নিষিদ্ধ পান মসলার প্রচারের অভিযোগে খাদ্য ও ওষুধ প্রশাসনের কারণ দর্শানোর নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড তারকা অজয় দেবগন। তাঁর দাবি, পান মসলা প্রস্তুতকারক সংস্থাকে বাদ দিয়ে অভিনেতাদের আইনি নোটিশ দেওয়া সম্পূর্ণ স্বেচ্ছাচারী সিদ্ধান্ত। তবে প্রশাসন জানিয়েছে, অজয় দেবগন, শাহরুখ খান ও টাইগার শ্রফের বিরুদ্ধে আইন লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ মিলেছে।
মহারাষ্ট্র খাদ্য ও ওষুধ প্রশাসনের পাঠানো নোটিশে উল্লেখ করা হয়েছে, বাজারে প্রচারিত ‘বিমল ইলাইচি’র বিজ্ঞাপনটি মূলত নিষিদ্ধ ঘোষিত ‘বিমল পান মসলা’-এর পরোক্ষ প্রচার ছাড়া আর কিছু নয়। উল্লেখ্য, মহারাষ্ট্র রাজ্যে গুটখা, পান মসলা ও তামাকজাত পণ্য বিক্রি ও প্রচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
প্রশাসনের অভিযোগ, ব্র্যান্ডটি সরাসরি এমন সব পণ্যের সঙ্গে যুক্ত যা রাজ্যে নিষিদ্ধ। একই বিজ্ঞাপনে অভিনয় করার কারণে বলিউডের আরও দুই তারকা শাহরুখ খান এবং টাইগার শ্রফকেও আইনি নোটিশ পাঠানো হয়েছে।
হাইকোর্টে দায়ের করা আবেদনে অজয় দাবি করেছেন, পণ্যের মূল প্রস্তুতকারক সংস্থাকে নোটিশ না দিয়ে শুধুমাত্র একজন অভিনেতা হওয়ার কারণে তাঁকে এভাবে নোটিশ পাঠানো সম্পূর্ণ অযৌক্তিক।
অন্যদিকে, মহারাষ্ট্র খাদ্য ও ওষুধ প্রশাসনের কমিশনার তুকারাম মুণ্ডে জানিয়েছেন, রাজ্যের নিয়ম লঙ্ঘনের দায়ে শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষ হয়েছে। তদন্তে অভিনেতাদের বিরুদ্ধে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। আগামী সপ্তাহে বিষয়টি বিচার বিভাগীয় নিষ্পত্তির জন্য পাঠানো হবে।