অনলাইন সংস্করণ
১২:৫৭, ০৭ নভেম্বর, ২০২৬
অভিনয়ের পাশাপাশি এখন গানের প্রতিও বিশেষ মনোযোগী হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গত আগস্টে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের প্রথম একক সংগীতানুষ্ঠানে গান ও গল্পে দর্শকদের মাতিয়েছিলেন তিনি। সেই আয়োজনের সাফল্যের পর এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কনসার্ট করতে যাচ্ছেন এই তারকা।
নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামের ওই কনসার্টে প্রায় দুই ঘণ্টা গান পরিবেশন করেন অপূর্ব। সেদিন তার কণ্ঠে শোনা যায় হেমন্ত মুখোপাধ্যায়ের ‘এই রাত তোমার আমার’, সোলসের ‘মন শুধু মন ছুঁয়েছে’ ও ‘কেন এই নিঃসঙ্গতা’, বাপ্পা মজুমদারের ‘দিন বাড়ি যায়’, ফিডব্যাকের ‘মৌসুমী’ এবং নগর বাউল জেমসের ‘বাবা’সহ বেশ কিছু জনপ্রিয় গান।
প্রথম কনসার্ট শেষে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহরে গান করার ইচ্ছার কথা জানিয়েছিলেন অপূর্ব। সে সময় তিনি বলেছিলেন, দেশটির ১২টি শহর থেকে কনসার্টের প্রস্তাব পেয়েছেন। তবে তাড়াহুড়ো করে নয়, পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই পরবর্তী আয়োজনগুলো করতে চান তিনি। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এবার ফ্লোরিডায় গাইতে যাচ্ছেন অভিনেতা।
আগামী ১৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে অনুষ্ঠিত হবে অপূর্বর কনসার্ট। দুই দিনব্যাপী ‘সপ্তম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট’-এর দ্বিতীয় দিনে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে তার সংগীতানুষ্ঠান।
নতুন এই আয়োজন নিয়ে এক ভিডিও বার্তায় অপূর্ব বলেন, ‘নিউইয়র্কের পর এবার গান শোনাতে আসছি ফ্লোরিডায়। গান আর গল্প নিয়ে দেখা হবে সবার সঙ্গে।’
একসময় সারা বছর অভিনয়ের শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও এখন বছরের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রে কাটে অপূর্বর। প্রবাসে থাকার সময়টাকে কাজে লাগিয়ে গানের অনুষ্ঠান নিয়েও নতুন পরিকল্পনা করছেন তিনি। তবে শুধু যুক্তরাষ্ট্রেই নয়, দেশেও কনসার্ট করার ইচ্ছা রয়েছে তাঁর। গত আগস্টে দেশে ফিরে এমন আগ্রহের কথা জানিয়েছিলেন এই অভিনেতা।
এদিকে, অক্টোবরের শুরুতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে দেশে অর্ধডজনের বেশি নাটকের শুটিং করেছেন অপূর্ব। নাটকের পাশাপাশি একাধিক সিনেমা নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে শিগগিরই নতুন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এই তারকা।