ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

জামিন পেয়েই ফেসবুকে পরীমনির ‘কুরুচিপূর্ণ’ পোস্ট

জামিন পেয়েই ফেসবুকে পরীমনির ‘কুরুচিপূর্ণ’ পোস্ট

আদালত থেকে জামিন পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি। এরপর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় এবং ফেসবুকে আক্রমণাত্মক ভাষার পোস্ট ঘিরে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।

আদালতের কার্যক্রম শেষে বের হওয়ার সময় তাকে কেউ ‘ব্যাড টাচ’ করেছেন বলে অভিযোগ করেন পরীমনি। এ ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরাও সাংবাদিকদের ওপর চড়াও হন বলে অভিযোগ রয়েছে।

এর কিছুক্ষণ পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাত্র দুটি শব্দের একটি পোস্ট দেন পরীমনি। পোস্টটির ভাষা ছিল আপত্তিকর ও আক্রমণাত্মক। তবে কাকে উদ্দেশ্য করে তিনি এমন মন্তব্য করেছেন, তা স্পষ্ট করেননি।

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মাত্র এক ঘণ্টায় এতে প্রায় ১২ হাজার লাইক পড়ে। তবে মন্তব্য করার সুযোগ বন্ধ থাকায় অনুসারীরা সরাসরি পোস্টের নিচে প্রতিক্রিয়া জানাতে পারেননি।

পরীমনির পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই একজন জনপ্রিয় অভিনেত্রীর কাছ থেকে এমন ভাষার ব্যবহার প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন। তাঁদের মতে, ব্যক্তিগত ক্ষোভ বা বিরক্তি থাকলেও তা প্রকাশের ক্ষেত্রে সংযমী হওয়া প্রয়োজন।

অন্যদিকে, পরীমনির ভক্তদের একটি অংশ তার আচরণকে পরিস্থিতিজনিত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। কেউ কেউ তার স্পষ্টবাদিতার পক্ষেও অবস্থান নিয়েছেন।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় দীর্ঘদিন ধরে বিচার চলছে পরীমনির বিরুদ্ধে।

গত বুধবার (৪ নভেম্বর) এ মামলায় আদালতে হাজির হওয়ার কথা ছিল তার। তবে অ্যালার্জিজনিত অসুস্থতার কারণ দেখিয়ে উপস্থিত হতে পারেননি তিনি। এ কারণে তার আইনজীবী সময়ের আবেদন করেন।

ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান আবেদনটি নামঞ্জুর করে পরীমনির জামিন বাতিল এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

এরপর বৃহস্পতিবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পরীমনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

আদালত থেকে জামিন পাওয়ার দিনেই সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি এবং ফেসবুকে বিতর্কিত পোস্ট ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। আইনি লড়াইয়ের পাশাপাশি এবার তার প্রকাশ্য আচরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাষার ব্যবহার নিয়েও চলছে আলোচনা।

পোস্ট,‘কুরুচিপূর্ণ’,পরীমনি,ফেসবুকে,জামিন পেয়ে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত