অনলাইন সংস্করণ
১৬:০৬, ২১ মে, ২০২৬
দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৬১ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া সাত শিশুর মধ্যে তিনজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়। বাকি চারজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
একই সময়ে আরও ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৭৯ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২০৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এতে করে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৭৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪২ হাজার ৩৩৬ শিশু।
এ সময়ে হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৪০৫ জনের, আর নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ৮৩ জনের।
সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৮ জনে।