ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

লেবাননে নিখোঁজ এক বাংলাদেশির লাশ উদ্ধার, আরেকজন ধ্বংসস্তূপের নিচে

লেবাননে নিখোঁজ এক বাংলাদেশির লাশ উদ্ধার, আরেকজন ধ্বংসস্তূপের নিচে

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিখোঁজ দুই বাংলাদেশির মধ্যে একজনের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার ও আরেকজনের মরদেহ ধ্বংসস্তূপের নিচের থাকতে পারে বলে জানিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

বুধবার (১৩ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে একথা তুলে ধরেছেন লেবাননের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসাইন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার লেবানিজ সেনাবাহিনী ও লেবানিজ রেডক্রসের সহায়তায় হামলাস্থল থেকে একটি অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। সেটি শুভ কুমার দাসের মরদেহ হিসেবে প্রতিবেশী অপর প্রবাসী বাংলাদেশি কর্মী রাজিব নিশ্চিত করেছেন। মরদেহটি নাবাতিয়ের নাযদ হাসপাতালে রাখা হয়েছে।

নিহত শুভ কুমার সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারিকাঠি ইউনিয়নের সুরঞ্জনের ছেলে। নিখোঁজ করিম মিয়া নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজেম আলীর ছেলে।

সোমবার রাতে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের মাইফাদুন এলাকায় আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলার কবলে পড়েন তারা।

করিম মিয়াকে উদ্ধারের অগ্রগতির বিষয়ে বাংলাদেশ দূতাবাস বলেছে, ধারণা করা হচ্ছে একই হামলাস্থলের ধ্বংসস্তূপে তার মরদেহ চাপা পড়ে থাকতে পারে।

“নিরাপত্তা ঝুঁকির কারণে লেবানিজ সেনাবাহিনী ও লেবানিজ রেডক্রস অপর মরদেহের উদ্ধার কাজ চালাতে পারেনি মর্মে একটি সূত্র থেকে জানা গেছে। মরদেহ উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে।”

এর আগে আরও দুই জায়গায় ইসরায়েলি হামলায় তিন বাংলাদেশি প্রাণ হারান। এ ঘটনায় কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

আবা/এসআর/২৬

নিখোঁজ,বাংলাদেশি,ধ্বংসস্তূপ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত