অনলাইন সংস্করণ
১৬:১৭, ২১ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে বিশ্বকে চমকে দেওয়ার মতো নতুন অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে ইরান। এর মধ্যেই পরমাণু অস্ত্রের বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বের হয়ে যেতে দেশটির পার্লামেন্টে একটি খসড়া বিল উত্থাপন করেছেন ইরানি আইনপ্রণেতারা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
অন্যদিকে, রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি এখন একটি বড় সিদ্ধান্তের দিকে এগোচ্ছেন এবং শিগগিরই পরিস্থিতি বড় ধরনের মোড় নিতে পারে।
ইরান প্রসঙ্গে মার্কিন সিদ্ধান্তের বিকল্পগুলো তুলে ধরে ট্রাম্প বলেন, তেহরানকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া, অর্থনৈতিকভাবে ভেঙে পড়তে দেওয়া কিংবা কোনো চুক্তিতে পৌঁছানো—এই পথগুলোই ওয়াশিংটনের সামনে খোলা রয়েছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘আমি কি পুরো দেশটাকে ধ্বংস করে দেব, আর দিলে সেটা কখন?’
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এসব বক্তব্যের মধ্য দিয়ে ওয়াশিংটনের ফের কঠোর ও আগ্রাসী অবস্থানের চিত্রই ফুটে উঠেছে। তেহরানের সঙ্গে চুক্তি সম্পাদন কিংবা চূড়ান্ত লক্ষ্য অর্জন—কোনোটিই সহজ না হওয়ায় মার্কিন প্রশাসন এমন কঠোর অবস্থান নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগেও ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানকে বোমা হামলায় গুঁড়িয়ে দেওয়া এবং দেশটির সভ্যতার বড় অংশ ধূলিসাৎ করে দেওয়ার তীব্র হুমকি দেওয়া হয়েছিল।