ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ইরানি প্রতিনিধিদলকে ভিসা দিতে অস্বীকৃতি যুক্তরাষ্ট্রের

ইরানি প্রতিনিধিদলকে ভিসা দিতে অস্বীকৃতি যুক্তরাষ্ট্রের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতিনিধিদলের কয়েকজন সদস্যকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এ দলে পেজেশকিয়ানের যোগাযোগ দলের সদস্যরাও রয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এ সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে ইরানি প্রতিনিধিদলের।

সোমবার (২২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরান যুদ্ধের মুখে পড়ার পর দেশটির সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা হিসেবে পেজেশকিয়ানই প্রথম যুক্তরাষ্ট্র সফর করছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, ‘যুক্তরাষ্ট্র সরকারের নজিরবিহীন পদক্ষেপের অংশ হিসেবে প্রেসিডেন্টের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের কয়েকজন সদস্যকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের মধ্যে প্রেসিডেন্টের যোগাযোগ দলের সদস্যরাও রয়েছেন।’

ইরানি বার্তা সংস্থা মেহেরও দেশটির প্রেসিডেন্টের মুখপাত্রের বরাত দিয়ে একই খবর প্রকাশ করেছে। এতে বলা হয়, বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন পেজেশকিয়ান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ‘তথ্য পাওয়ার অধিকার পদদলিত করার’ অভিযোগ করেছেন।

সম্প্রতি হোয়াইট হাউসের সংবাদ পরিবেশন নিয়ে আপত্তির কারণে তিনটি বড় মার্কিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশে বাধা দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি এ অভিযোগ করেন।

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইরানের একটি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে গত বছরের মতো এবারও তাদের ওপর কিছু বিধিনিষেধ থাকবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, ইরানের প্রতিনিধিদলের সদস্যরা বিলাসপণ্যসহ নির্দিষ্ট কিছু পণ্য কিনতে পারবেন না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওই প্রতিনিধিদলের সদস্য হিসেবে রোববার সন্ধ্যায় ইরান ছাড়েন। তিনি কাতারে যাত্রাবিরতি করবেন।

ইরান জানিয়েছে, কাতারের মধ্যস্থতায় তারা যুক্তরাষ্ট্রের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহণের নৌপথ পুনরায় চালুর শর্ত জানিয়েছে।

যুদ্ধ শুরুর পর থেকে এই নৌপথ কার্যত বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে।

যুক্তরাষ্ট্র,অস্বীকৃতি,ভিসা,ইরানি প্রতিনিধিদলকে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত