ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ভুয়া ভিডিও প্রচারের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে জিডি

ভুয়া ভিডিও প্রচারের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে জিডি

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর পরিচয়ে ভিডিও ও ছবি প্রচারের অভিযোগে নাগেশ্বরীতে ছয় ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের ব্যক্তিগত সহকারী (এপিএস) এরশাদুল হক।

রোববার রাতে নাগেশ্বরী থানায় করা জিডিতে এরশাদুল হক অভিযোগ করেন, সম্প্রতি এক তরুণীকে ঘিরে আপত্তিকর অবস্থায় এক ব্যক্তির একটি ভিডিও ও কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রকৃত ভিডিওটি পঞ্চগড় জেলার ওলামা দলের এক সদস্যের সঙ্গে সংশ্লিষ্ট বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ঘটনাটি পঞ্চগড় জেলার হলেও কয়েকজন ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই ভিডিও ও ছবিকে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের এপিএস এরশাদুল হক এবং জামায়াতে ইসলামীর এক নেতার ছবি ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন।

এরশাদুল হকের দাবি, তিনি ওই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তার ছবি ও পরিচয় ব্যবহার করে ভিডিওটি প্রচার করায় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম ও জামায়াতে ইসলামীর সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

এ ঘটনায় মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

জিডিতে অভিযুক্ত ছয় ব্যক্তি হলেন—আবদুল্লাহ আল লিমন, সেলিম মিয়া, সাইদুল ইসলাম, আরমান, জাহাঙ্গীর আলম ও ন্যাশনালিষ্ট ফাইটার।

নাগেশ্বরী থানার ওসি এনামুল হক প্রধান জিডি করার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জিডি,৬ জনের বিরুদ্ধে,ভিডিও প্রচারের অভিযোগ,ভুয়া ভিডিও
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত