অনলাইন সংস্করণ
২১:৫৯, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আলে সানি। তাঁর অভিযোগ, গাজা চুক্তির আওতায় ইসরায়েল যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো পূরণ করা হচ্ছে না; বরং নেতানিয়াহু ও তাঁর উগ্র ডানপন্থী সরকারের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
কাতারের প্রধানমন্ত্রী বলেন, গাজা চুক্তি লঙ্ঘনের বেশ কিছু ঘটনা ইতোমধ্যে ঘটেছে। বর্তমান পরিস্থিতিতে শান্তি পরিকল্পনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন নেতানিয়াহু।
তবে এসব অভিযোগের মধ্যেও মধ্যস্থতাকারীরা গাজা চুক্তির শর্তগুলো পক্ষগুলোকে মেনে চলাতে এবং শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আলে সানি এর আগেও অভিযোগ করেছিলেন, ইসরায়েল গাজা চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না। তাঁর দাবি, একই সময়ে গাজায় প্রাণহানি অব্যাহত রয়েছে এবং উপত্যকায় পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে।
কাতার গাজা যুদ্ধ ও সংশ্লিষ্ট চুক্তিগুলোতে মধ্যস্থতাকারী দেশগুলোর অন্যতম। ফলে চুক্তির বাস্তবায়ন নিয়ে দেশটির প্রধানমন্ত্রীর এমন বক্তব্য চলমান শান্তি প্রচেষ্টায় ইসরায়েলের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।