ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুতিদের

সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুতিদের

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। এ ছাড়া বন্দরনগরী ইয়ানবুতে অবস্থিত আরামকোর স্থাপনাতেও হামলা চালানোর দাবি করেছে তারা। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে এ দাবি করেন হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে।

বিবৃতিতে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে চারটি হামলা চালিয়েছেন আনসারুল্লাহর যোদ্ধারা। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনা এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দর।

হুতিদের দাবি, দাম্মাম বিমানবন্দরে হামলার ফলে বিমান চলাচল ব্যাহত হয়েছে। আরামকোর স্থাপনায় হামলার কারণে সেখানে আগুন ধরে যায়। এ ছাড়া সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আভা আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি আঘাত হানারও দাবি করেছে গোষ্ঠীটি।

হুতির সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে সতর্ক করে বলেন, ইয়েমেনের গোত্রগুলোকে লক্ষ্যবস্তু করার বিষয়ে সৌদি আরব যে কোনো ধরনের হুমকি দিলে তার পরিণতি হবে ভয়াবহ, যা ‘বিপর্যয়কর ও অপ্রত্যাশিত’ হতে পারে।

তিনি আরও বলেন, ইয়েমেনে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত সৌদি আরবের ভেতরে হুতিদের অভিযান অব্যাহত থাকবে। সৌদি আরব সংঘাত বাড়ালে পাল্টা পদক্ষেপের মাধ্যমে তার জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানিয়েছে, হুতি বাহিনীর হামলায় দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছে। নিহত দুজনের একজন সৌদি নাগরিক ও অন্যজন ভারতীয় নাগরিক।

আবা/এসআর/২৬

সৌদি,হামলা,হুথি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত