ঢাকা রোববার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক প্রদান

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক প্রদান

সাহিত্য একটি জাতির অস্তিত্ব ও মনন গঠনের গুরুত্বপূর্ণ হাতিয়ার— এমন মন্তব্য করে নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদ ও বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর চিত্রশালা মিলনায়তনে আয়োজিত ‘দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর জন্মোৎসব ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সাহিত্য একটি জাতির অস্তিত্ব রক্ষার প্রধান অবলম্বন; এটি সমাজ-মনন নির্মাণের এক শক্তিশালী ও প্রভাবশালী হাতিয়ার। দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর সাহিত্য আমাদের সমাজের বাস্তবতা ও প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। নতুন প্রজন্মকে এই ধারার সাহিত্যচর্চায় অগ্রসর হতে হবে; কারণ সাহিত্যই একটি জাতির মুক্তির পথ উন্মোচন করে।

‘দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী স্মৃতি পর্ষদ’-এর মহাসচিব শামস সাঈদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক মনি হায়দার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেত্রী ও বাচিকশিল্পী সিফাত বন্যা।

অনুষ্ঠানে আব্দুর রউফ চৌধুরীর জীবন, কর্ম ও সাহিত্যিক অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে প্রবীণ ও নবীনসহ মোট ১৬ জন গুণীজনকে ‘সাহিত্য পদক ২০২৬’, ‘স্মারক সম্মাননা ২০২৬’ এবং ‘প্রজন্ম প্রান্তিক সম্মাননা ২০২৬’ প্রদান করা হয়।

এ বছর ‘সাহিত্য পদক ২০২৬’ অর্জন করেছেন কথাসাহিত্যিক রফিকুর রশীদ এবং কথাসাহিত্যিক-প্রাবন্ধিক আকিমুন রহমান।

অন্যদিকে, আব্দুর রউফ চৌধুরীর বিভিন্ন গ্রন্থ নিয়ে স্মারক বক্তৃতার জন্য ‘স্মারক সম্মাননা ২০২৬’ পেয়েছেন কবি ও গবেষক আসাদুল্লাহ, কবি ও গবেষক বীরেন মুখার্জী, ড. শাফিক আফতাব এবং সোহেল মাজহার।

তরুণ সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের অবদানের স্বীকৃতিস্বরূপ ‘প্রজন্ম প্রান্তিক সম্মাননা ২০২৬’ পেয়েছেন আপন অপু, আলমগীর মাসুদ, ইসরাত জাহান, কানিজ পারিজাত, কামরুন্নাহার দিপা, রাশেদ রেহমান, শব্দনীল, সালাহ উদ্দিন মাহমুদ, সিদ্দিকী হারুন এবং সিরাজিয়া পারভেজ।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননা স্মারক, উত্তরীয় ও অর্থমূল্য তুলে দেওয়া হয়।

কথাসাহিত্যিক,আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত