
কুমিল্লায় পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় একটি যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে-মুচড়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে জাঙ্গালিয়া কচুয়ায় পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারে নিচে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার উপ পুলিশ পরিদর্শক জনি বড়ুয়া।
তিনি জানান, রাতে জাঙ্গালিয়া কচুয়ায় চট্টগ্রাম মেইল ট্রেনের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী মামুন পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলে সদর দক্ষিণ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, যাত্রীবাহী মামুন পরিবহনের বাসটি গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ হয়ে নোয়াখালী যাচ্ছিল। রাতে বাসটি জাঙ্গালিয়া কচুয়ায় পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারে নিচে রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে আসা ঢাকামুখী চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুই যানের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
আবা/এসআর/২৬