ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিরুল ইসলাম

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিরুল ইসলাম

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সচিব পদমর্যাদায় তিনি যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

ড. শাকিরুল ইসলাম খান একজন প্রখ্যাত গবেষক ও শিক্ষাবিদ। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক। বর্তমানে তিনি জাপানের ওইতা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব মেডিসিনের মাইক্রোবায়োলজি বিভাগে ফুল ফ্যাকাল্টি হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি রিসার্চ সেন্টার ফর গ্লোবাল অ্যান্ড লোকাল ইনফেকশাস ডিজিজ (আরসিজিএলআইডি)-এর সঙ্গেও যুক্ত তিনি।

তার গবেষণার ক্ষেত্র ডেঙ্গু, বার্ড ফ্লু, হেপাটাইটিস, কোভিড-১৯, জলাতঙ্ক ও নিপাহ ভাইরাসসহ বিভিন্ন সংক্রামক রোগের নিয়ন্ত্রণ ও চিকিৎসা উন্নয়ন। এছাড়া গবাদিপশু ও পোলট্রি উৎপাদন ও সংরক্ষণ নিয়েও তিনি গবেষণা করেছেন।

একাডেমিক জীবনে তিনি জাপানের এহিমে ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন। এছাড়া মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ায় গবেষণা ফেলো হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ, জাপান ও মালয়েশিয়ায় দুই দশকের বেশি সময় ধরে তার গবেষণা ও শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে।

জানা যায়, তিনি ৩০ জনের বেশি গবেষক শিক্ষার্থীকে তত্ত্বাবধান করেছেন এবং আন্তর্জাতিক মানের পিয়ার-রিভিউড জার্নালে ১৫০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন। গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি গোল্ড মেডেলসহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার ও গবেষণা অনুদান অর্জন করেছেন।

ড. শাকিরুল ইসলাম খান,জনপ্রশাসন মন্ত্রণালয়,প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী,নিয়োগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত