ঢাকা শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদের সাথে গণভোটের বাতিল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খালখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ থাকা না থাকার ওপরে গণভোটের ভোট বাতিল হওয়া না হওয়া নির্ভর করে না। জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, সক্রিয় এবং কার্যকরী। জুলাই সনদ কার্যকর করতে পারবে এই পার্লামেন্ট। জুলাই সনদ কীভাবে কার্যকর হবে সেটাও জুলাই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। সুতরাং জুলাই সনদের সাথে গণভোটের বাতিল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। এটা আমরা পার্লামেন্টে সুস্পষ্টভাবে বলেছি।

তিনি বলেন, বিএনপি জুলাই সনদকে ধারণ করে হৃদয়ে। বিএনপি জুলাই সনদকে চেতনায় ধারণ করে। বিএনপি বিশ্বাস করে জুলাই সনদ ২০২৪ এর জুলাই-আগস্টে ছাত্রজনতার রক্তের অক্ষরে লিখিত। বিএনপি বিশ্বাস করে জুলাই সনদ এদেশের আপমর জনসাধারণের মুক্তির একটি সনদ। বিএনপি বিশ্বাস করে জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ।

মো. আসাদুজ্জামান বলেন, জুলাই সনদ বলছে আমাকে বাস্তবায়ন করো—সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। এটা জুলাই সনদে সুস্পষ্টভাবে লিখিত আছে যে, সংবিধান সংশোধনের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়িত হবে। সুতরাং যারা বলছেন গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হবে— এটা মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য।

তিনি আরও বলেন, তারা বলেন ৭২-এর সংবিধান মানি না। আমরা বলি ৭২-এর সংবিধান জুলাই সনদের অংশ। জুলাই সনদও ৭২-এর সংবিধানে ঢোকার অপেক্ষায় আছে।

জুলাই সনদ,আইনমন্ত্রী,গণভোট,বিএনপি,সংবিধান সংশোধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত