
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত না হওয়া দেশের দুটি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ (বৃহস্পতিবার)। এর মধ্যে একটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬, যেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যটি শেরপুর-৩। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
বুধবার (৮ এপ্রিল) দুই আসনের নির্বাচনের সার্বিক বিষয় তুলে ধরেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত সংবাদ অনুযায়ী সব ঠিক আছে। আশা করি, আমরা যে বেঞ্চমার্কটা জাতীয় পর্যায়ের নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতায় পেয়েছি, সেটা থেকে বেশি হবে।’
ইসির তৈরি বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ভোটের সবশেষে প্রতিবেদন অনুযায়ী এ আসনে প্রার্থী তিনজন। তারা হলেন- বিএনপির মো. রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল-আমিন তালুকদার।
বগুড়া-৬ এ ভোটকেন্দ্র ১৫০টি, ভোটকক্ষ ৮৩৫টি। মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এ আসনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে ২৫০ জন, বিজিবি ৮ প্লাটুন (১৮৯ জন), র্যাব ১০টিম (৭০ জন), পুলিশ ১ হাজার ৩২৭ জন ও আনসার ভিডিপি ১ হাজার ৯৯০ জন।
অন্যদিকে শেরপুর-৩ আসনের ভোটের সবশেষে প্রতিবেদন অনুযায়ী, এ আসনেও প্রার্থী তিনজন। বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাসদের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।
এ আসনে ভোটকেন্দ্র ১২৮টি, ভোটকক্ষ ৭৫১টি। ভোটার ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন। সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন ১৪০ জন, বিজিবি ১৬ প্লাটুন (৩২৮ জন), র্যাব ১৪টিম (১৩৫ জন), পুলিশ ১ হাজার ১৫৫ জন ও আনসার ভিডিপি ১ হাজার ৭০৪ জন।
আবা/এসআর/২৬