
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভেংড়ী এলাকায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামীলীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ৪ ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, উক্ত থানা এলাকার চকনিহাল গ্রামের ওসমান গণি (২২), স্বাধীন (২২), অলিদহ গ্রামের সুমন মিয়া (২১) ও তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামের মাছুম আহম্মেদ (২২)। সলঙ্গা থানার ওসি আছলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, শনিবার ভোরে ৪টি হাইস গাড়ি নিয়ে উল্লেখিত এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা ছাত্রলীগ সংগঠনের কর্মী। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।