ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিল

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিল
ফাইল ছবি

জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, ২০২৬’ পাস করা হয়েছে। এর মাধ্যমে দেশের সর্বোচ্চ আদালতের জন্য সম্প্রতি প্রতিষ্ঠিত স্বাধীন সচিবালয় বিলুপ্ত করার প্রস্তাব অনুমোদন পেল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদে বিলটি উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিলটির মাধ্যমে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ বাতিল করা হবে। বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রয়োজনীয়তা ও কাঠামো নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আরও আলোচনা ও পর্যালোচনার প্রয়োজন।

যদিও পূর্বের অধ্যাদেশগুলো বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে জারি করা হয়েছিল; তবে প্রশাসনিক জটিলতা এড়াতে সরকার এখন এই আইনি বিধানগুলো পুনঃমূল্যায়ন করতে চায়।

আইনটি কার্যকর হলে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত হবে এবং সংশ্লিষ্ট সব পদ বাতিল করা হবে। সচিবালয়ের অধীনে থাকা বাজেট, প্রকল্প ও কর্মসূচি আইন ও বিচার বিভাগে স্থানান্তর করা হবে। তবে রেজিস্ট্রি, প্রশাসনিক ট্রাইব্যুনাল ও অধস্তন আদালতের কাঠামো অপরিবর্তিত থাকবে।

এছাড়া সচিবালয়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের চাকরির শর্তাবলী ২০২৫ সালের অধ্যাদেশের আগের আইনি কাঠামোয় ফিরে যাবে। বিলটিতে আরও বলা হয়েছে, বাতিলকৃত অধ্যাদেশের অধীনে গৃহীত সব কার্যক্রম আইনগত সুরক্ষা পাবে, যাতে সচিবালয়ের সময়কালে সম্পন্ন প্রশাসনিক কাজগুলো বৈধ থাকে।

বিলটি সংসদে উত্থাপনের সময় বিরোধী দলের সদস্য ব্যারিস্টার নজিবুর রহমান আপত্তি জানান। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, কোনো আইন অসাংবিধানিক কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিশ্বের অন্যতম সেরা আদালত; যেখানে বিচারকদের চাকরি, বদলি ও পদায়ন সাংবিধানিকভাবে সুরক্ষিত।

আইনমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের স্বাধীনতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং বিলেও তা উল্লেখ রয়েছে।

পরে কণ্ঠভোটে বিরোধীদের আপত্তি নাকচ করে বিলটি পাস হয়।

সুপ্রিম কোর্ট সচিবালয়,স্বাধীন সচিবালয়,বিলুপ্ত,অধ্যাদেশ,আইনমন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত