অনলাইন সংস্করণ
১১:১০, ০১ মে, ২০২৬
শুক্রবার (১ মে) ভোর থেকে রাজধানী ঢাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। ভোর ৫টায় শুরু হওয়া অঝোর ধারার বৃষ্টি টানা দুই ঘণ্টা ঝরেছে সকাল ৭টা পর্যন্ত। এতে রাজধানীর অনেক সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় নগরবাসীর জন্য সৃষ্টি হয়েছে দুর্ভোগ।
শুক্রবার দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, ভোর থেকে ভারী বৃষ্টির কারণে রাজধানীর কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডি, মিরপুর, মগবাজার, মৌচাক, মালিবাগসহ বিভিন্ন এলাকায় সড়কে হাঁটুপানি জমতে দেখা গেছে।
আবহাওয়াবিদরা বলছেন, এ মুহূর্তে বৃষ্টিপাত স্বাভাবিক। আজ ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।