অনলাইন সংস্করণ
১২:৩৭, ২৩ মে, ২০২৬
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ প্রতিবেদন আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে পবিত্র ঈদুল আজহার আগেই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৩ মে) তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, ডিএনএ প্রতিবেদন ছাড়া অভিযোগপত্র দাখিল করা হলে পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই প্রতিবেদন হাতে পাওয়ার পরই পুলিশ অভিযোগপত্র জমা দেবে। সবকিছু ঠিক থাকলে ঈদের আগেই এটি আদালতে উপস্থাপন করা সম্ভব হবে।
মামলার বিচার দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, ঈদের ছুটির পরপরই এই আলোচিত হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।
উচ্চ আদালতে এ ধরনের মামলার মৃত্যুদণ্ড অনুমোদনের দীর্ঘসূত্রিতা নিয়েও কথা বলেন আইনমন্ত্রী।
তিনি জানান, বিচারিক আদালতে মৃত্যুদণ্ড ঘোষণার পর অনুমোদনের জন্য মামলা উচ্চ আদালতে গেলে মামলার বৃত্তান্ত প্রস্তুত করতে দীর্ঘ সময় লেগে যায়। এতে চূড়ান্ত রায় পেতেও বিলম্ব হয়।
তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়াকে কীভাবে আরও দ্রুত ও সহজ করা যায়, সে বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে।